দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে যাচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানা গেছে।
এর আগে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং ও দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করে।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। গত ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন এবং প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে মহানগর উত্তরের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি আরও স্পষ্ট হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে দলীয় সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য পদ ছাড়ার পাশাপাশি মিষ্টি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করতে পারেন।
এমএম/